জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) সভাপতিত্ব গ্রহণ করল পাকিস্তান। মঙ্গলবার (১ জুলাই) থেকে পাকিস্তান এক মাসের জন্য এই দায়িত্ব পালন শুরু করেছে।
এটি পাকিস্তানের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের অষ্টম মেয়াদ এবং ২০১৩ সালের পর এটি প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেল। ইসলামাবাদ ২০২৫ সালের জানুয়ারি থেকে অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে এবং ২০২৬ সাল পর্যন্ত এই মেয়াদ অব্যাহত থাকবে।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং চ্যালেঞ্জিং। তিনি বলেন, ‘পাকিস্তান এমন একটি সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণ করছে, যখন বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, সংঘাত, জটিল ভূ-রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি বেড়েই চলেছে।
রাষ্ট্রদূত আহমদ বলেন, পাকিস্তান সবসময় শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধানের পক্ষে অবিচল থেকেছে। আমরা সংলাপ ও কূটনীতির পক্ষে শক্ত অবস্থান নিয়েছি। নিরাপত্তা পরিষদের কাজ পরিচালনায় আমরা নীতিনিষ্ঠ ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আনব।
তিনি আর বলেন, পাকিস্তান বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করতে চায় এবং বিশ্বব্যাপী সংলাপ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা পরিষদের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর।
