“অপারেশন সিন্দুর শেষ হয়নি” — পাকিস্তানকে মোদির সরাসরি হুঁশিয়ারি!

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘অপারেশন সিন্দুর’ এখনও শেষ হয়নি, এটি কেবলমাত্র স্থগিত রাখা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই সামরিক অভিযানে ভারত যে অবস্থান নিয়েছে, সেটিকে কেবল প্রতিশোধ নয় বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতিতে একটি ‘নিউ নরমাল’ বলে উল্লেখ করেন মোদি। ভাষণে তিনি স্পষ্ট করে দেন যে ভারত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক সরকার ও হামলার মূল পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না। তার মতে, পাকিস্তানের প্রতিটি ভবিষ্যত পদক্ষেপ এখন মূল্যায়ন করা হবে এই নিরীক্ষায় যে তারা সত্যিকার অর্থে সন্ত্রাস নির্মূল করতে চায় কিনা।

তিনি বলেন, যদি পাকিস্তান বিভ্রান্তি সৃষ্টি করে বা প্রতিশ্রুতি থেকে সরে আসে, তাহলে ভারত আবারও হামলা চালাতে পিছপা হবে না। মোদির বক্তব্যে উঠে আসে যে, ভারতের সুনির্দিষ্ট ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুধু সন্ত্রাসী ঘাঁটিগুলোই গুঁড়িয়ে দেয়নি, বরং পাকিস্তানের মনোবলেও বড় ধাক্কা দিয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির প্রতি সতর্কবার্তায় তিনি বলেন, এই অপারেশন কোনো এককালীন ঘটনা নয়, বরং ভারতের পক্ষ থেকে এটি ভবিষ্যতের জন্য একটি নীতিগত বার্তা। পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের বিরুদ্ধে মোদি সাফ জানান যে ভারত এখন আর ভয় পায় না, বরং এই ব্ল্যাকমেইলের আড়ালে থাকা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে নির্দিষ্ট এবং চূড়ান্তভাবে আঘাত হানবে। উল্লেখ্য, ভারতের এই অপারেশনের পর টানা চারদিন দুই দেশের মধ্যে সংঘর্ষ চলে এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু মোদির ভাষণ স্পষ্ট করে দিয়েছে, ভারতের প্রতিক্রিয়া এখানেই শেষ নয়—বরং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিটি হামলার জবাব এখন থেকে ‘অপারেশন সিন্দুর’-এর মতোই হবে।

এনএএন টিভি

Share this news as a Photo Card