নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে আহত অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নির্মাণশ্রমিক এবং দুটি শিশু রয়েছে।
গত বুধবার বিকেলে ভবনটি ধসে পড়ার পরদিন বৃহস্পতিবার প্রবল বৃষ্টির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। উদ্ধার অভিযানে অংশ নেওয়া চারজন দমকলকর্মীসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন।
ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ আটকা পড়ে আছেন কী না, তা খুঁজে দেখতে প্রায় ২৫০ জন উদ্ধারকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং সরকারি নথিপত্র অনুযায়ী, ১৯৩০ সালে নির্মিত ধসে পড়া ওই অ্যাপার্টমেন্ট ভবনটিতে চারটি আবাসিক ইউনিট ছিল এবং সেখানে বেশ কয়েকটি অভিবাসী পরিবার বসবাস করত। নিহতদের মধ্যে ইকুয়েডরের দুজন নাগরিকও রয়েছেন।
তদন্তের পরিধি বাড়িয়ে মেয়র মামদানি রয়টার্সকে জানিয়েছেন, ধসে পড়া ভবনটির পাশের নির্মাণস্থলের সাথে যুক্ত পাঁচটি কোম্পানি এবং এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কিত আরও ১০০টি সাইট বা নির্মাণস্থল পরীক্ষা করে দেখবে কর্তৃপক্ষ।
ধসে পড়া ভবনটির পাশের ওই জায়গায় চলতি বছরের শুরু থেকেই খননকাজ চলছিল। সরকারি নথিপত্রে দেখা গেছে, গত সেপ্টেম্বরে একটি নির্মাণ কোম্পানির জমা দেওয়া নোটিশে মাটি কাটার কাজের অংশ হিসেবে ‘রক ব্লাস্টিং’ (পাথর ভাঙার বিস্ফোরণ)-এর কথা উল্লেখ ছিল।
সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করতে শহরজুড়ে ভবন পরিদর্শকদের মোতায়েন করা হয়েছে।
মেয়র মামদানিও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘এই শহরে পরিচালিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি এই দুর্ঘটনার জন্য দায়ী থাকে, তবে আমরা তাদের পুরোপুরি জবাবদিহিতার আওতায় আনব।’’
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৪টার দিকে ভবনটি ধসে পড়ে। এতে পাশের আরেকটি আবাসিক ভবনের দেয়াল ভেঙে যায় এবং সিঁড়ি, আলমারি ও শোবার ঘরসহ ভেতরের অংশ বাইরে থেকে উন্মুক্ত হয়ে পড়ে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা পরিদর্শন শেষ না হওয়া পর্যন্ত ওই রাস্তার একই পাশের আরও তিনটি ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবল বৃষ্টির মধ্যেই ধ্বংসাবশেষ সরাতে ঘটনাস্থলে দুটি এক্সক্যাভেটর মোতায়েন করা হয়।
ফায়ার ডিপার্টমেন্ট কমিশনার লিলিয়ান বনসিগনোর গণমাধ্যমকে জানান, বড় ধ্বংসস্তূপের নিচের মাটি পর্যন্ত পৌঁছে আর কোনো ভুক্তভোগী আটকা নেই তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটিকে ‘উদ্ধার অভিযান’ হিসেবেই চালিয়ে যাওয়া হবে।
