নিজেকে ভর্ৎসনা করা সেই সৈনিককেই শীর্ষ পদে ভূষিত করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রের আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে ‘টম্ব অব দ্য আননোন সোলজার‘-এ (অজ্ঞাতনামা সৈনিকের সমাধি) ভেটেরান্স ডে-র এক অনুষ্ঠান শেষে যে সৈনিক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার সহকর্মীদের ভর্ৎসনা করেছিলেন, সেই সৈনিককে একটি শীর্ষ সামরিক পদকে ভূষিত করেছেন হেগসেথ।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা যায়, হেগসেথ ওই সৈনিকের পোশাকে পদক পরিয়ে দিচ্ছেন এবং তার সঙ্গে করমর্দন করছেন। পোস্টে হেগসেথ লিখেছেন, আমরা সৈনিকদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ড ভালোবাসি। সাবাশ, স্পেশালিস্ট।

পেন্টাগন জানিয়েছে, সমাধিটি পাহারা দেওয়ার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ইউনিটকে পেন্টাগনে স্বাগত জানান হেগসেথ এবং ২০২৬ সালের ১১ নভেম্বর টম্ব অব দ্য আননোন সোলজারে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে ‘জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল’ প্রদান করেন।

বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে ওই স্থানে ছবি তোলার পর হেগসেথ ও তার কয়েকজন কর্মকর্তার দল থেকে উচ্চস্বরে হাসির শব্দ শোনা গেলে ইগলেসিয়াস তাদের তিরস্কার করেছিলেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বুধবার সমাধির সামনের ফাঁকা সিঁড়িতে দাঁড়িয়ে হেগসেথ তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক ওয়েভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা তামি রাডাবগের সঙ্গে ছবি তুলছিলেন।

প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং কোরিয়ান যুদ্ধে নিহত অজ্ঞাতনামা সৈনিকদের শেষ বিশ্রামস্থল হিসেবে এই সমাধিটি যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র ও শ্রদ্ধেয় যুদ্ধস্মারক হিসেবে বিবেচিত। ১৯৪৮ সাল থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে চব্বিশ ঘণ্টা সমাধিটি পাহারা দিয়ে আসছেন সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা, যা ‘দ্য ওল্ড গার্ড’ নামেও পরিচিত। অন্যদিকে, জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল মার্কিন সামরিক বাহিনীর অন্যতম উচ্চমর্যাদার পদক হিসেবে বিবেচিত হয় এবং সাধারণত জুনিয়র পর্যায়ের তালিকাভুক্ত সৈনিকদের এই পদক দেওয়া হয় না।

তিরস্কারের ওই ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই পেন্টাগনের শীর্ষ মুখপাত্র শন পার্নেল বলেছিলেন, ওই সৈনিক সঠিকভাবে এবং সম্মানের সাথেই সবাইকে শালীনতা বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।

এই ভর্ৎসনার ঘটনাটি আবারও বিপাকে থাকা এই প্রতিরক্ষামন্ত্রীকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে, যিনি ঠিক এর আগের দিনই এক অভিশংসন প্রচেষ্টা থেকে রক্ষা পেয়েছিলেন। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসির নেতৃত্বে এবং ডেমোক্র্যাটদের সমর্থনে ওই অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। মঙ্গলবারের ভোটে হেগসেথের সমালোচকেরা সফল না হলেও, রিপাবলিকানরা মূলত তাঁকে অভিশংসনের প্রচেষ্টাটিকে কেবল বিলম্বিত করতে পেরেছেন বলেই মনে করা হচ্ছে। আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাওয়ায়, তাকে অভিশংসনের সেই প্রচেষ্টা আবারও নতুন করে শুরু হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card