পাকিস্তানের নির্বাচনের ফলাফল নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল নিয়ে গতকাল বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এ বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর বার্তাসংস্থা রয়টার্সের।

বিবৃতিতে গত বৃহস্পতিবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়েছে। সেই সঙ্গে নির্বাচনে অনিয়মের যেসব অভিযোগ সামনে এসেছে, তা তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

আলাদা বিবৃতিতে একই আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোট।

এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাগারে থাকা ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) মধ্যে।

যদিও আইনি প্রতিবন্ধকতার কারণে পিটিআই-সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

তবে ভোটের ফলে দুই দলই নিজেদের বিজয়ী দাবি করেছে। পাকিস্তানের জাতীয় পরিষদে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়।

নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই।

তাই এবার ভোট হয়েছে ২৬৫ আসনে। এককভাবে সরকার গঠন করতে চাইলে কোনো দলকে ১৩৪টি আসনে জিততে হবে।

 

বাংলাদেশ সময় শনিবার সকাল ১০টা ৩০ পর্যন্ত ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন।

এর মধ্যে সবচেয়ে বেশি ৯১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের বেশির ভাগই পিটিআইয়ের সমর্থন নিয়ে নির্বাচনে লড়েছেন।

এরপর নওয়াজের পিএমএল-এন ৭১টি, বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৩টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল পেয়েছে ৩৫টি আসন।

 

এবারের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও ইইউ। বিবৃতিতে বলা হয়েছে,

নির্বাচনে অধিকারকর্মীদের আটক করা হয়েছে। সেই সঙ্গে অনিয়ম, হস্তক্ষেপ ও জালিয়াতির যেসব অভিযোগ উঠেছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।

 

ইমরান খান ও তার দল মনে করে, এবারের নির্বাচনের আগে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাবাহিনী সমর্থন জুগিয়েছে নওয়াজ শরিফকে।

এনএএন টিভি

Share this news as a Photo Card