ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বিকালে উপজেলার কামারগাঁও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। নিহত নীরব হোসেন (১৬) চাঁদপুরের প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে। নীরবের মা স্বামীর মৃত্যুর পর দুই ছেলেকে নিয়ে শ্রীনগরের কামারগাঁওয়ে ভাই খৈয়ম বেপারীর বাড়িতে থাকেন। লৌহজং পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবার নীরবের এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। দুই ভাইয়ের মধ্যে নীরব বড়।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েক বখাটে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছিল। নীরব এর প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরে বখাটেরা সেখান থেকে চলে যায়। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পাশে বসে ছিল নীরব। এ সময় ওই বিরোধের জেরে সেখানে বখাটেরা এসে নীরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শ্রীনগর থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card