রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের জানান, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ থেকে বিরত রাখতে ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।
লেভিট জানান, আগে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ আরোপ করে ট্রাম্প ভারতের শুল্ক হার ৫০ শতাংশে উন্নীত করেছেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে সর্বজনীন চাপ তৈরি করেছেন। ভারতের ওপর নিষেধাজ্ঞাসহ তিনি নানা পদক্ষেপ নিয়েছেন। তার অবস্থান স্পষ্ট—এই যুদ্ধ দ্রুত শেষ হোক।’
সম্প্রতি হোয়াইট হাউসে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দেন। বৈঠকের পর ট্রাম্প একে ‘খুবই সফল’ বলে বর্ণনা করেন, আর জেলেনস্কি একে ‘এখন পর্যন্ত সেরা আলোচনা’ হিসেবে আখ্যায়িত করেন।
এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও দেখা করেন। সেখানে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজনে তার আগ্রহের ইঙ্গিত দেন।
লিভিট দাবি করেন, ট্রাম্পের শান্তি প্রচেষ্টার ফলেই পুতিনের সাথে সাক্ষাতের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে উপস্থিত হন। তিনি হোয়াইট হাউসের এই দাবিটিও পুনর্ব্যক্ত করেন যে, ট্রাম্প যদি প্রেসিডেন্ট থাকতেন তবে ইউক্রেনে যুদ্ধ হতো না এবং প্রেসিডেন্ট পুতিনও এ বিষয়টি স্বীকার করেছে।
ব্রিফিংয়ের এক পর্যায়ে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলে, ট্রাম্প তার প্রেসিডেন্সি না থাকা সত্ত্বেও ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে কী পরিকল্পনা করছেন? উত্তরে লিভিট বলেন, ট্রাম্প স্থায়ী শান্তির প্রয়োজনীয়তা বুঝেন এবং এই লক্ষ্যে ইউরোপীয় নেতা ও ন্যাটোর সাথে তিনি আলোচনা করছেন।

2 Replies to “ট্রাম্প কেন ভারতীয় পণ্যে দ্বিগুণ শুল্ক চাপালেন , কারণ জানালো হোয়াইট হাউজ”
Comments are closed.