বৃষ্টিতে ত্বকের যত্ন

ভ্যাপসা গরমে ত্বকে নানা ধরনের ইনফেকশন হয়। আর বৃষ্টি হলে আবহাওয়া থাকে স্যাঁতসেঁতে। এসব থেকে বাঁচতে দরকার বাতাসের আর্দ্রতা থেকে ত্বক শুকনো আর সুরক্ষিত রাখা এবং কোনোরকম ব্যাকটেরিয়া বা ছত্রাকঘটিত সংক্রমণ হতে না দেয়া। তাই বৃষ্টির দিনে ত্বকের যত্নে হাতের কাছে রাখুন এই পাঁচ উপাদান।

গোলাপজল

গোলাপজলের সুগন্ধের সঙ্গে সবাই পরিচিত। আর গোলাপজল এমনই একটি উপাদান যা সারা বছর ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায়। বর্ষায় ত্বক তেলতেলে হয়ে যাওয়ার প্রবণতা থাকে, আর গোলাপজল দিয়েই সেই বাড়তি তেলকে বাগ মানানো সম্ভব। তুলোয় করে গোলাপজল নিয়ে দিনে দু’তিনবার করে মুখটা মুছে নিন। এতে কাছে ঘেঁষতে পারবে না তেলভাব।

নিমপাতা

ব্যাকটেরিয়া বা ছত্রাকজাতীয় সংক্রমণ বর্ষাকালের একটি বড় সমস্যা। হাতের কাছে নিমপাতা থাকলে সহজেই সামাল দিতে পারবেন তা। নিমপাতা শুকিয়ে গ্রাইন্ডারে দিয়ে মিহি গুঁড়ো করে নিন। তাতে সামান্য পানি মেশালেই একটা পেস্ট তৈরি হবে। পরিবর্তে কাঁচা নিমপাতা পানি দিয়ে মিহি করে বেটে নিতেও পারেন। ব্রণ, পায়ের সংক্রমণ, চুল ওঠার সমস্যা, সব কিছু কমিয়ে ফেলতে পারবেন এই নিমপাতার পেস্ট দিয়ে।

মোরিঙ্গা তেল

চলতি বাংলায় সজনের তেল। আজকাল বড় দোকানে বা অনলাইনে মোরিঙ্গা তেল পাওয়া যায়। বৃষ্টির দিনে যেকোনো ত্বকের সংক্রমণের মোকাবিলা করতে দারুণ কাজের এই তেল। মোরিঙ্গা তেল খুবই হালকা, ফলে ত্বকে শুষে যায় ঝটপট।

অলিভ অয়েল

অলিভ অয়েল দারুণ হালকা ও একইসঙ্গে অ্যান্টি-অক্সিডেন্টের ভাণ্ডার। ফলে ত্বকে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে জুড়ি নেই অলিভ অয়েলের। ত্বক কোমল, মখমলের মতো মোলায়েম আর ব্রণ মুক্ত ঝকঝকে রাখতে গোটা বর্ষাকাল অলিভ অয়েল মাখুন।

নারিকেলের তেল

খাঁটি নারিকেল তেল খুব হালকা ও তাতে তেলতেলাভাবও বিশেষ থাকে না। প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল খুবই কাজের। পরিবেশের যাবতীয় ক্ষতি রুখে দিয়ে নারকেল তেল ত্বক সুরক্ষিত ও কোমল রাখে।

এনএএন টিভি

Share this news as a Photo Card