আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশটিতে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি ইলিশ মাছের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ মার্কিন ডলার যার বাংলা টাকায় আসে ১১শ ৮০ টাকা।
বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে। প্রথম চালানে মোট ২টি ট্রাকে ৮মেট্রিকটন ইলিশ রয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বলা হচ্ছিলো, আগে দেশের মানুষের চাহিদা মেটানো হবে তারপর ভারতে ইলিশ রপ্তানি করা হবে। তবে সম্প্রতি ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক চিঠিতে ইলিশরপ্তানির অনুমতি দিতে অনুরোধ জানায়। আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিকটন ইলিশমাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের বানিজ্য মন্ত্রণালয়।
