ঈদযাত্রার প্রথম দিনেই দেরিতে ছাড়ছে ট্রেন, যাত্রীদের ভোগান্তিপবিত্র ঈদুল আজহার খুশি পরিবার-পরিজনের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ীর টানে বাড়ি ফিরছেন মানুষ। এতে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ বুধবার সকাল থেকেই রাজধনীর কমলাপুর রেলস্টেশন থেকে দেরিতে ট্রেন ছেড়ে যেতে দেখা গেছে। বেলা ১১টা ৪৫ মিনিটে কমলাপুর স্টেশনে দেখা যায়, জামালপুর এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি দেরিতে ছেড়ে গেছে।
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস বেলা ১১টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি স্টেশনে পৌঁছায়নি। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা সাড়ে ১১টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটিও পৌঁছায়নি প্লাটফর্মে। এছাড়া সকাল থেকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ১৫টি ট্রেনের সবকটি বিলম্বে ছেড়েছে।
সিলেটগামী পারাবত এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলে সেটি ছেড়েছে সাড়ে ৮টায়। এটিই সবচেয়ে বিলম্বে ছেড়েছে।
কথা হয় বসির আহমেদ নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, পরিবারসহ জামালপুর যাবো। সকাল ১০টার ট্রেন প্রায় দুই ঘণ্টা হয়ে গেল এখনো আসেনি। এই গরমে বাচ্চাদের নিয়ে খুব কষ্টে হচ্ছে।
আরেক যাত্রী মিমু আক্তার বলেন, প্রায় দুই ঘণ্টা বসে আছি। এখনো প্লাটফর্মে ট্রেন আসে নাই। কী হচ্ছে বুঝতেছি না। এমন দেরি করলে গরমে ভোগান্তির শেষ থাকবে না।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে। এজন্য কিছুটা বিলম্বে ছাড়ছে ট্রেন। আশা করছি কাল থেকে সব ঠিক হয়ে যাবে।
