অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বড় হচ্ছে । নতুন করে যুক্ত হচ্ছেন পাঁচজন উপদেষ্টা । তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
আজ রবিবার (১০ নভেম্বর ) সন্ধ্যায় বঙ্গভবনে তাঁদের শপথ নেওয়ারকথা রয়েছে ।
অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাঁকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।
সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান। মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।
এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে জানা গেছে ।
