‘কিশোরী ক্ষমতায়নে স্কুলগামী ১৬ হাজার ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার

এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সারা দেশের ১৬ হাজার স্কুলছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করবে মহিলা বিষয়ক অধিদফতর। চলতি বছরেই এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

গত ২ এপ্রিল এ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক কেয়া খান সংবাদমাধ্যমকে জানান, প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হবে এবং চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।

এ প্রকল্প বাস্তবায়নের অন্য উদ্দেশ্যগুলো হলো: বাল্যবিয়ে প্রতিরোধ, স্কুলগামী ছাত্রীদের নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, কিশোরী ক্ষমতায়ন, সহজ ও নির্ভয়ে পথচলা। নিরবচ্ছিন্ন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে কর্মক্ষেত্রে নারীর প্রবেশের পথ সুগম করা, স্কুলগামী ছাত্রীদের আত্মবিশ্বাস ও সক্ষমতা বৃদ্ধি করে নেতৃত্বের মনোভাব সৃষ্টি করা।

জানা গেছে, সাইকেল বিতরণের ক্ষেত্রে সরকারি স্কুলগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। সেইসঙ্গে ছাত্রীদের মেধা, দারিদ্র্য ও অন্যান্য প্রাসঙ্গিক চলকের ওপর স্কোরিং করে তার ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে।

এ প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে দেশের আট বিভাগের আটটি জেলার ৪৮টি উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীরা বাইসাইকেল পাবে। প্রাথমিকভাবে রাজবাড়ী, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, জামালপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, ঝিনাইদহ ও বরগুনায় এই বাইসাইকেল দেয়া হবে।

 

এনএএন টিভি