নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) রাজধানীতে দেখা গেছে, সকাল থেকে বিভিন্ন রুটে চলছে বিশেষ এই ‘পিংক বাস’।
বিআরটিসির তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে চলছে ১০টি বাস (একটি একতলা, নয়টি দ্বিতল)। রাজধানীর নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে। গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও বাসটি চলবে।
বাসগুলো চলবে দুই স্লটে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাসগুলো ছেড়ে যাবে, আবার বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়া শুরু করবে।
নারীদের নিরাপত্তার জন্য এ বাস চালু করা হয়েছে। পিংক বাসের একজন চালক রাবেয়া সুলতানা। কথা হয় তার সাথে। তিনি বলেন, প্রথম দিন বাস চালানোর অভিজ্ঞতা ছিল বেশ ভালো।
বাসে একজন মহিলা কন্ডাক্টর ছিলেন। যাত্রী সুবিধার পাশাপাশি অসুবিধার কথাও তুলে ধরে তিনি বলেন, চালক অভিজ্ঞ না হওয়ায় দীর্ঘ সময় লেগেছে। তবে চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ করে যেতে চান তারা।
বাসের নারী যাত্রীরাও তাদের স্বস্তি ও সুবিধার কথা তুলে ধরেন। কেউ কেউ অসুবিধার কথাও জানান।
