গানে-আয়োজনে চলছে ‘৩৬ জুলাই’ উদযাপন

বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হয়েছে ২০২৪ সালের জুলাইয়ে। যার সমাপ্তি হয় ৫ আগস্ট তথা ৩৬ জুলাই। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চলছে মাসব্যাপী নানান অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহযোগিতায় আজ ৫ আগস্ট মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউতে দুপুর ১২টা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সেখানে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি?’ ইভেন্ট ছাড়াও দিনভর থাকছে উৎসবমুখর নানান আয়োজন। দুপুর ২টা ২৫ মিনিটে বেলুন উড়িয়ে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন করা হয়।

‘সাইমুম শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা একে একে গান পরিবেশন করে ‘এই দেশ আমার বাংলাদেশ’, ‘আয় তারুণ্য আয়’, ‘জীবনের গল্প’, ‘ওমা আর কেঁদো না’, ‘যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ’ এবং জারিগানসহ ইসলামিক সংগীত। এরপর ‘কলরব শিল্পীগোষ্ঠী’ মঞ্চে এসে পরিবেশন করে ‘তোমার কুদরতি পায়ে’, ‘দে দে পাল তুলে দে’, ‘ধন ধান্য পুষ্পভরা’, ‘ইঞ্চি ইঞ্চি মাটি’ ও ‘দিল্লি না ঢাকা’।

কণ্ঠশিল্পী নাহিদ পরিবেশন করেন ‘পলাশীর প্রান্তর’ ও ‘৩৬ জুলাই’ গানদ্বয়। পরে তাশফি কণ্ঠে শোনা যায় ‘নোঙর তোলো তোলো’, ‘তুমি প্রিয় কবিতা’, ‘কারার ঐ লৌহ কপাট’, ‘চল চল’ ও ‘ধনধান্য পুষ্প ভরা’।

অনুষ্ঠান সঞ্চালনা করছে জনপ্রিয় উপস্থাপক জুলহাজ্জ জুবায়ের ও সারা আলম।

এদিকে, বেলা ২টা ২৫ মিনিটে শেখ হাসিনার পলায়নের এক বছর উপলক্ষে ‘ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ’ পালন করে ছাত্রজনতা। প্রতীকী গ্যাস বেলুনের ‘হেলিকপ্টার’ উড়িয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সূচি অনুযায়ী, দিনভর এই আয়োজনে দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পীরা মঞ্চে আসবেন। বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি থাকবে। এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশনা হবে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর এবং ৬টা ১৫ মিনিটে পারশা পরিবেশনা করবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হবে।

সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত বিশেষ ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ প্রদর্শিত হবে। এরপর জনপ্রিয় ব্যান্ড আর্টসেল সংগীত পরিবেশন করবে।

 

এনএএন টিভি