মানবাধিকার নিয়ে কাজ করা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দেশে ধর্ষণের শিকার হয়েছে ৪৯২ জন। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ২৯২ জনে। অর্থাৎ গতবছরের একই সময়ের তুলনায় দেশে ধর্ষণের হার বেড়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ।
বাংলাদেশ মহিলা পরিষদের অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং পরিচালক জনা গোস্বামী গণমাধ্যমকে বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না। নারীবিরোধী প্রচার বেড়েছে। নারীবিদ্বেষ বাড়ছে। এসব কিছুর কারণে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বেড়েছে। অপরাধীরা ভাবছে—তারা কোনো সাজা পাবে না। সেজন্য দেশের এ ক্রান্তিলগ্নকে সুযোগ হিসেবে নিয়েছে অপরাধীরা।’
আসক ও মহিলা পরিষদের তুলনায় আরো ভয়াবহ তথ্য উঠে এসেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিবেদনে। এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৫০২ জন। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৩ জন। এছাড়া ধর্ষণের পর ২৭ জনকে হত্যা করা হয়। ধর্ষণচেষ্টা করা হয় ২০৯ জনকে। গত বছরের একই সময়ে ধর্ষণের শিকার হন ২৮৪ জন। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৯১ জন এবং ধর্ষণ ও হত্যার শিকার হন ১৬ জন। এছাড়া ১১৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়।
সূত্র: বণিক বার্তা।

One Reply to “দেশে ধর্ষণ বেড়েছে ৬৮.৪৫ শতাংশ”
Comments are closed.