সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১০ আগস্ট) দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম গণমানুষের মতপ্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। তাই নেতাকর্মীদের অবশ্যই দায়িত্বশীল, সহনশীল ও শ্রদ্ধাশীল আচরণ করতে হবে।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন মত ও পথের মানুষের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ, গণতন্ত্রের প্রতি কমিটমেন্ট, নারীর প্রতি সম্মান, ধর্মীয় সহাবস্থান এবং ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য। সংগঠনের আদর্শ ও মূলনীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তারা আরও নির্দেশনা দেয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মত ও পথের সংগঠনগুলোর সঙ্গে মত পার্থক্য থাকতে পারে এবং নানা নীতি ও কর্মপন্থার বিষয়ে বিতর্ক হতে পারে। তবে এ ধরনের বিতর্ক হতে হবে পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও সম্মানজনক। ছাত্রদল সব নারীর প্রতি শ্রদ্ধাশীল। আমরা সবসময়ই রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহণকে উৎসাহিত করি। এই বিষয়ে কেউ সংগঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করলে সংগঠন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আমরা সব ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের নীতিতে বিশ্বাসী। মুসলিম জনগোষ্ঠীর পর্দার বিধানের বিষয়ে আমরা পূর্ণ শ্রদ্ধাশীল।
বিভিন্ন শিক্ষাঙ্গনে যখন সেক্যুলারিজমের নামে পর্দার ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করা হয়েছে আমরা বারবার তার প্রতিবাদ করেছি এবং আগামীতেও করবো। আমাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সব বিষয়ে বিনয়, পরিশীলিতা, সহনশীলতা, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্যের মূলনীতি অনুসরণ করবেন।

2 Replies to “ছাত্রদলের নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণের নির্দেশ”
Comments are closed.