বিগত তিন নির্বাচনে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। 

একটি মামলার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য চাইলে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে ইসি সচিবালয় এ উদ্যোগ নিলো।

ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য আগেই চেয়েছিল পিবিআই। এরপর চাওয়া হয়েছে নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তথ্য। সেই অনুযায়ী আমরা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারসহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠিয়েছি। তথ্য পেলে তা পিবিআইকে প্রদান করা হবে।’

এ চিঠিতে ডিএমপির শেরেবাংলা নগর থানার মামলা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সব জেলা/মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নং, পাসপোর্ট নং ও মোবাইল নং তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

এর আগে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল পিবিআই।

এনএএন টিভি