বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও যাহিদ হোসেন জানিয়েছেন, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে যাত্রী পরিবহন ও রাজস্ব আয়ে রেকর্ড করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বৃহস্পতিবার বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, বছরে বিমানের টিকিট বিক্রি হয় ৭ হাজার কোটি টাকা। অন্যদিকে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে আয় হয় ১ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে যাত্রী বহন করা হয়েছে ৮ লাখ ৮ হাজার। এ সময় আয় হয়েছে ১ হাজার ৫৬৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ২ লাখ ৫৫ হাজার যাত্রী বহন করে আয় হয় ৭৪৬ কোটি টাকা।
বিমানের এমডি বলেন, বিমান বছরে ৩০ লাখ যাত্রী বহন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এটা সম্ভব হলে রাজস্বও অনেক বেড়ে যাবে। এর আগে বিমান বছরে ২৬ লাখ যাত্রী বহন করতে সক্ষম হয়েছে। সরকারের অন্য ১০টি বাণিজ্যিক কোম্পানির মধ্যে লাভজনক হিসেবে রয়েছে এ সংস্থাটি।
