জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সকাল থেকেই শুরু হয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত। কিন্তু এই জনসমাবেশে বারবার বাগড়া দিচ্ছে বৃষ্টি। কখনো মেঘলা আকাশে আড়াল হয় সূর্য, কখনো হঠাৎ ছিটে পড়ে জলকণা। তবে এতে দমে যায়নি জনতা। বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পুরো এলাকাজুড়ে মানুষের ঢল নামতে শুরু করেছে।
দেখা যায়, যখনই একটু বৃষ্টি শুরু হচ্ছে, তখন অনেকেই গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, কেউবা আবার নিজেদের সঙ্গে আনা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে স্লোগানে অংশ নিচ্ছেন। অনেকেই কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে কিংবা গায়ে জুলাই সনদের ব্যাজ লাগিয়ে ছাতা ছাড়াই ভিজে যাচ্ছেন বৃষ্টিতে।
মগবাজার এলাকা থেকে আসা রাকিবুল ইসলাম নামে এক তরুণ বলেন, বৃষ্টি আমাদের থামাতে পারবে না। গত বছর জুলাইয়ে আমরা যে লড়াই শুরু করেছিলাম, এই লড়াই বৃষ্টি নয়, বুলেট ঝরলেও চলবে।
রাজধানীর উত্তরা থেকে আসা সাহেদুর রহমান বলেন, ‘জুলাই ঘোষণাপত্র শোনার জন্য সকাল থেকে বসে আছি। আজকের দিনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।’
সাভার থেকে আসা রিয়াজুল বাশার বলেন, ‘৩৬ জুলাইয়ের একটানা আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।
এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশও দায়িত্ব পালন করছে।
র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং র্যাবের পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।
