মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি

বাংলাদেশকে সবসময় সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মিয়ানমার সংকট মোকাবিলায় আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।

মালয়েশিয়া সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য প্রকাশ করে।

আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থী সংকট মোকাবিলা করা মালয়েশিয়ার অন্যতম অগ্রাধিকার। বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিয়ে যে চাপ বাংলাদেশ বহন করছে, সে ক্ষেত্রে মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে থাকবে।তিনি জোর দিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া জরুরি এবং মিয়ানমার ইস্যুতে আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে।তিনি বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ নিউইয়র্ক, কাতার ও মালয়েশিয়ায় বহুপক্ষীয় ফোরামে যেভাবে সক্রিয় ভূমিকা নিয়েছে, তা প্রশংসনীয়।

আনোয়ার আরো জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের সঙ্গে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমার সফর করবেন। তিনি আশা করেন, এই সফরে জাতিগত সংখ্যালঘু ও মিয়ানমারের জনগণের ওপর চলমান নৃশংসতার শান্তিপূর্ণ সমাধান বের করা যাবে।

এর আগে সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে তিনি একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন এবং পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।
বুধবার তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এনএএন টিভি