রেকর্ড গড়ে অবসরে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্ম নেওয়া মো. আবদুল হামিদ বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম সময় রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন।

দ্বিতীয় দফায় পাঁচ বছরের জন্য নির্বাচিত তাঁর রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল।

পরদিন ২৪ এপ্রিল নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণের পর বঙ্গভবন থেকে বিদায় নেবেন তিনি।

ওই দিনই তিনি রাজধানীর নিকুঞ্জের একটি ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন  জানান, আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মো. আবদুল হামিদ কিছু আনুষ্ঠানিকতা শেষ করবেন।

তারপর তিনি বঙ্গভবন থেকে বিদায় নেবেন। এ সময় তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে।

রাষ্ট্রপতি হিসেবে বিচক্ষণ, বিতর্কমুক্ত ও সজ্জন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন মো. আবদুল হামিদ।

তাঁর বঙ্গভবন ছেড়ে যাওয়ার আগে বিদায়ের আনুষ্ঠানিকতা চলছে বেশ কিছুদিন ধরে।

স্পিকারের পদ ছেড়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সংসদ ভবন ছেড়ে আসার সময়ও একই ধরনের আনুষ্ঠানিকতা দেখা গিয়েছিল।

গত ১৭ এপ্রিল বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আবদুল হামিদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ১৬ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিদায়ি সাক্ষাতের জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু ও জাতীয় সংসদের হুইপরা বঙ্গভবনে গিয়েছিলেন ১৩ এপ্রিল।

সব শেষ গত ১৮ এপ্রিল তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেন।

টানা ১০ বছর ৪১ দিন দায়িত্ব পালন : একটানা দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের রেকর্ড রেখে যাচ্ছেন বর্ষীয়ান রাজনীতিক আবদুল হামিদ।

একমাত্র তিনিই পুরো দুই মেয়াদ রাষ্ট্রপ্রধানের পদে দায়িত্ব পালন করেছেন। সংবিধানে উল্লেখ আছে, এক ব্যক্তি দুই মেয়াদের (১০ বছর) বেশি এই পদে থাকতে পারবেন না।

নির্বাচিত হওয়ার আগে প্রথমে ভারপ্রাপ্ত ও পরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিন দায়িত্ব পালন করেন আবদুল হামিদ।

 

 

আরও পড়ুন:

 

এনএএন টিভি