শ্রম আইনের মামলায় ড. ইউনূসের সাজা বাতিল

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। বুধবার (৭ আগস্ট) বিকেলে শুনানি শেষে বিচারক এম এ আউয়াল এই রায় ঘোষণা করেন।

বুধবার শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এমএ আউয়াল তার আপিল মঞ্জুর করে ড. মুহাম্মদ ইউনূসকে খালাসের আদেশ দেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করেন।
চলতি বছরের ১ জানুয়ারি ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা চারজনের বিরুদ্ধে সাজার রায় দেন।

দণ্ডিত অপর তিনজন হলেন-গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।

রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আজ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দিলেন ট্রাইব্যুনাল।

এনএএন টিভি