সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ৮২ হাজার ৩৩৫ জন হজযাত্রী।

এর মধ্যে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৩৮৬ হজযাত্রী ও বেসরকারিভাবে ৭২ হাজার ৯৪৯ জন।

এদিকে, এ পর্যন্ত হজে গিয়ে সর্বমোট ১৯ জন ইন্তেকাল করেছেন।

বুধবার (১৪ জুন) দিবাগত মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।

হজ বুলেটিনে জানানো হয়েছে,

‘বুধবার (১৪ জুন) রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।’

‘সভায় বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মিনা মুভমেন্টে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।’

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্য, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন।

অপরদিকে, হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

আরও পড়ুন:

এনএএন টিভি