ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল ১২টি দেশের দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ঢাকায় অবস্থিত এসব মিশনপ্রধানকে ডেকে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে অসন্তোষের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (২৬ জুলাই) বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপস্থিত হন মিশনপ্রধানরা। সেখানে বৈঠক শেষে বিকেল ৪টায় একে একে বেরিয়ে যান তারা।
বৈঠকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ায় সরকারের অসন্তোষের কথা জানানো হয়।
হিরো আলমের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন ছাড়াও কানাডা,
ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন বিবৃতি দিয়েছিল।
যৌথ বিবৃতিতে তারা বলেছিল, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই।
আমরা এ ঘটনার পূর্ণ তদন্ত এবং জবাবদিহিতার আহ্বান জানাই। আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকার যেসব দূতাবাস গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছিল
তাদের দূতদের আমরা ডেকেছিলাম। তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণে আমরা অসন্তোষ প্রকাশ করেছি।
আমরা বলেছি,
এটি একটি বিচ্ছিন্ন ঘটনা যা দিয়ে সারাদিনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচনকে মূল্যায়ন করা ঠিক হবে না।
শাহরিয়ার আলম বলেন, ওই নির্বাচনে সহিংসতা হয়নি। হিরো আলম সারাদিন সতীর্থদের সঙ্গে বিভিন্ন কেন্দ্র অবাধে বিচরণ করে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।
ভোট শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তিনিও কোনো অপ্রীতিকর ঘটনার শিকার হননি বা কোনো অভিযোগ করেননি।
অন্য প্রার্থীরাও কোনো ধরনের সহিংসতা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ করেননি।
তিনি বলেন,
শেষ মুহূর্তের একটি বিচ্ছিন্ন ঘটনাকে গুটি কয়েক দূত যেভাবে উপস্থাপন করেছেন তা কখনোই সারাদিনের শান্তিপূর্ণ নির্বাচনকে প্রতিফলিত করে না।
দ্রুত একটি প্রতিক্রিয়া দিতে গিয়ে তারা তাদের মূল্যায়নের বস্তুনিষ্ঠতার প্রতি যথাযথ গুরুত্ব দেননি।
এর আগে ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের ভোটগ্রহণের দিন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলা হয়।
তাকে সড়কে ফেলে মারধর করা হয়। মরধরের বিষয়টি নিয়ে হিরো আলমও বিভিন্ন অভিযোগ করেন।
