যুক্তরাষ্ট্র৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল

অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান তাদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ।

দীর্ঘ ৬০ ঘণ্টার অবর্ণনীয় ক্লান্তি আর যাত্রাশেষে ঢাকার মাটিতে পা রাখেন তারা কেউ বিমর্ষ, কেউ বাকরুদ্ধ। দেশে ফেরার পর ব্র্যাকের পক্ষ থেকে তাদের পরিবহন সহায়তা দেওয়া হয় এবং প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের অভিযোগ, দীর্ঘ বিমান যাত্রার পুরোটা সময় তাদের হাতকড়া পরিয়ে রাখা হয়। ফেরত আসা একজন বলেন, আমরা অপরাধী নই, আমরা তো আশ্রয় চেয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে বন্দিদের মতো আচরণ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, আমরা যতটা জেনেছি ঘরবাড়ি বিক্রি করেছেন, ধার-দেনা করে এরা কেউ ৩০ লাখ, কেউ ৪০ লাখ টাকা পর্যন্ত খরচ করে মেক্সিকো বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ হয়ে অনিয়মিত পন্থায় পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। এরপর আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করেছিলেন। কিন্তু আদালত ও অভিবাসন কর্তৃপক্ষ তাদের সেই আবেদন খারিজ করে দেন। এরপর তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুরুতে তাঁরা শুনেছেন অর্ধশতাধিক ব‍্যক্তিকে দেশে ফেরত পাঠানো হবে। তবে চূড়ান্তভাবে ৩৯ জনকে ফেরত পাঠানো হলো

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মা‌র্কিন প্রেসি‌ডেন্ট নির্বা‌চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ ব্যাপক ধরপাকড় শুরু করে। দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করা হয়। এ অবস্থার মধ্যেই এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো। এর আগেও কয়েক দফায় দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র।

এনএএন টিভি