মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তার বরাতে শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জনিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য অনুশীলন এবং রাশিয়ার সঙ্গে ব্যাপক জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। গত বুধবার তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ভারত তাই ২৫% শুল্ক প্রদান করবে, সেই সঙ্গে উপরোক্ত কাজের জন্য জরিমানাও, যা আগস্টের প্রথম থেকে শুরু হবে।’
এরপরেই, শুক্রবার (১ আগস্ট) ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। যদিও সে সময় সেই তথ্যের নিশ্চয়তা দিতে পারেননি তিনি।
ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত।
ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যাল পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না।
শনিবার নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক দুই ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারত সরকারের নীতিতে কোনও পরিবর্তন হয়নি। সরকার রাশিয়া থেকে আমদানি কমাতে তেল কোম্পানিগুলোকে কোনও নির্দেশ দেয়নি।
শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, “আমাদের জ্বালানি উৎসের প্রয়োজনীয়তা সম্পর্কে … আমরা বাজারে কী পাওয়া যায়, কী প্রস্তাব দেওয়া হচ্ছে এবং বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি কী তাও দেখি।”
জয়সওয়াল জানান, রাশিয়ার সাথে ভারতের ‘স্থির ও সময়-পরীক্ষিত অংশীদারিত্ব’ রয়েছে এবং বিভিন্ন দেশের সাথে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজস্ব যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনও দেশের অবস্থান থেকে দেখা উচিত নয়। সূত্র: রয়টার্স
