মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২

মালয়েশিয়ার পূর্ব উপকূল মহাসড়ক (LPT1)–এ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুয়ানতান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন মো. সাব্বের হাসান (৩০), মো. জাহিদ হাসান (২১), ও আবদুল্লাহ (২৪)। আহত হাবিব বিশ্বাস (৪৫) এবং মানিরাম চন্দ্র বসু (৪০) বর্তমানে কুয়ানতানের টেঙ্কু আম্পুয়ান আফজান হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত Toyota Avanza গাড়িটির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়িটির রোড ট্যাক্স কয়েক মাস আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে যায়।

গাড়ির অতিরিক্ত গতি এবং চালকের অদক্ষতা দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই হাসপাতালে ছুটে যান এবং মৃতদের পরিচয় শনাক্তে সহায়তা করেন।

নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দূতাবাসের সহায়তায় দেশে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

 

এনএএন টিভি /  এম. রাসেল রহমান