টানা ১৪ দিন বন্ধ থাকার পর সারাদেশে আজ বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। কারফিউ শিথিলের সময়ে এ ট্রেন চালানো হবে।
কোটা আন্দোলনে সহিংসতার মুখে জননিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ জুলাই থেকে ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন।
তিনি বলেন, কারফিউ শিথিলকালীন স্বল্প দূরত্বের ট্রেনগুলো চালানোর সিদ্ধান্ত হয়েছে। এখনই দূরের যাত্রার ট্রেনগুলো চলাচল করবে না।
জানা গেছে, কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করবে। দুই-তিন দিন পর থেকে আন্তনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ২৫ জুলাই থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসে রেল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলন সহিংসতার জেরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। পরে গত বুধবার সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল। তবে বৃহস্পতিবার থেকে চলাচল বন্ধ করে দেওয়া হয়। শুধু বিজিবি প্রহরায় চলাচল করছে কয়েকটি তেলবাহী ট্রেন।
