খুন হওয়ার আগে রাত সোয়া দুইটায় যাত্রাবাড়ী মোড়ে ছিলেন ফারদিন: ডিবিপ্রধান

খুন হওয়ার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশকে দিবাগত রাত সোয়া দুইটার (৩ নভেম্বর) দিকে যাত্রাবাড়ী মোড়ে দেখা গিয়েছে। সাদা গেঞ্জি পরিহিত অবস্থায় এক যুবক তাকে একটি লেগুনায় তুলে দেন। ওই লেগুনায় আরও চারজন ছিলেন। লেগুনাটি তারাবের দিকে যায়। ওই লেগুনার চালক ও সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও বলেছেন, ফারদিনের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তাকে কোথায় হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু পাওয়া যায়নি।

উল্লেখ্য, ৪ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় ফারদিনের বাবার করা মামলায় আয়াতুল্লাহ বুশরা নামের ফারদিনের এক বান্ধবীকে রিমান্ডের পর কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card