মহিলা সংরক্ষিত আসনে গুরুত্ব দেওয়া হবে :ওবায়দুল কাদের

মহিলা সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহিলা সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম।

আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, যারা আমাদের দুঃসময়ের পরীক্ষিত কর্মী, তাদের ব্যাপারটা আমরা অগ্রাধিকার দেব।

মোট ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দেওয়া হবে।’

আগামী মাসের শুরুতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার পরই আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় ফরম বিক্রি শুরু হবে। এরপর সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক বসবে।

তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র বলছে,

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সংরক্ষিত নারী আসনগুলোতে কাকে কাকে সংসদ সদস্য করা যায়, সে বিষয়ে কাজ করছেন।

সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন হওয়ার পর মন্ত্রিসভায় আরও কিছু নতুন নাম যুক্ত করা হতে পারে।

গত সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন ছিল ৪৩টি। এর মধ্যে খাদিজাতুল আনোয়ার, রুমানা আলী, সুলতানা নাদিরা ও তাহমিনা বেগম এবার সরাসরি আসনে জয়ী হয়েছেন।

বাকি যে ৩৯ জন আছেন, এর মধ্যে অল্প কয়েকজনকে ফিরিয়ে আনা হতে পারে। বাকি সবাই নতুন হবেন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card