হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) বিকেলে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর তাকে সেখানে ভর্তি করা হয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন,

“বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আজকে সপ্তমবারের মতো এই হাসপাতালে উনি এসেছেন।

এখানে আসার পরে ওনার কিছু পরীক্ষা করানো হয়েছে এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আমার আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করব, যেগুলো বাসায় করা সম্ভব নয়। এসব পরীক্ষা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে।

এরপর মেডিকেল বোর্ড সকল রিপোর্ট পর্যালোচনা করে ওনার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসা দেবেন।

প্রসঙ্গত, বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

এর আগে, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিএনপি প্রধান তার গুলশানের বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তার গাড়ির সঙ্গে দলটির অনেক নেতাকর্মী ছিল।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে বিএনপি প্রধানকে সাময়িক মুক্তি দেয় সরকার।

এই পর্যন্ত ছয় দফায় খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি