আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের মুলতবি আলোচনা শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান, রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্বের আলোচনায় মৌলিক সংস্কারের যেসব প্রস্তাবে ঐকমত্য হয়নি, সেগুলো নিয়ে ২ জুন দ্বিতীয় পর্বের আলোচনার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরদিন বিষয়ভিত্তিক আলোচনা শুরু হয়। পবিত্র ঈদুল আজহার ছুটির পর গত মঙ্গলবার থেকে আবার আলোচনা শুরু হয়।

মঙ্গলবারের আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন, কিছু সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে করা এবং প্রধান বিচারপতি নিয়োগের বিদ্যমান পদ্ধতি পরিবর্তনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়।

গতকাল বুধবার জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন ও রাষ্ট্রপতি পদে নির্বাচনপদ্ধতি নিয়ে আলোচনা হয়। তবে গতকালের আলোচনায় এ দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি। এ নিয়ে আরও আলোচনা হবে।

আজকের আলোচনা শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। এনসিসি গঠন নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে বলে ঐকমত্য কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে।

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল, যার মধ্যে দুটি জোট আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠক উপস্থিত আছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় অধিবেশনে আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত আছেন।

 

 

 

এন এ এন টিভি

Share this news as a Photo Card