দেশের ৮৩ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী নন

ভবিষ্যতে রাজনীতিতে যোগ দিতে অথবা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে কি আপনি আগ্রহী, এমন প্রশ্নের জবাবে ৮২ দশমিক ৭ শতাংশ তরুণ বলেছেন, তাঁরা আগ্রহী নন।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশনএইডের একটি জরিপে তরুণদের এই মনোভাব উঠে এসেছে। জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে কর্মসংস্থান, শিক্ষা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তরুণদের ভাবনা-সম্পর্কিত এই জরিপ গতকাল সোমবার প্রকাশ করা হয়।

জরিপে ৩৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তরুণদের সংযোগ ‘অকার্যকর’ বলে মনে করেন তাঁরা। আর এই সংযোগ ‘খুবই অকার্যকর’ বলে মনে করেন ১৬ দশমিক ১ শতাংশ উত্তরদাতা।

জরিপে কারা অংশ নিয়েছেন ।

গতকাল রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, গত ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত মিশ্র পদ্ধতিতে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। এটি ছিল পরিমাণগত জরিপ ও গুণগত সাক্ষাৎকার। আগামী অক্টোবর-নভেম্বরে ‘ফলোআপ’ জরিপ পরিচালনা করা হবে।

পরিমাণগত জরিপে ‘টার্গেট গ্রুপ’ ছিলেন ১৫ থেকে ৩৫ বছর বয়সী তরুণেরা। ২ হাজার তরুণ (নারী ও পুরুষ) জরিপে অংশ নেন। গ্রাম-নগর ও নারী-পুরুষের অনুপাত ছিল ৫০: ৫০। এ ছাড়া জরিপে অন্তত ১০ শতাংশ অমুসলিম প্রতিনিধিত্ব ছিল। দেশের আট বিভাগে—প্রতি বিভাগের দুটি জেলা ও প্রতিটি জেলার দুটি উপজেলায় জরিপটি পরিচালিত হয়।

গুণগত সাক্ষাৎকারের ক্ষেত্রে ছিল ১৭টি কেস স্টাডি। এতে আট বিভাগে বিভিন্ন পেশা, ধর্ম ও আকাঙ্ক্ষার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়। প্রতিটি বিভাগ থেকে অন্তত দুটি কেস স্টাডি নেওয়া হয়েছে।

নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ

জরিপে আগামী নির্বাচন নিয়ে তরুণদের মতামত জানতে চাওয়া হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে আপনি কতটা আত্মবিশ্বাসী, এমন প্রশ্নে ৪০ দশমিক ৮৯ শতাংশ উত্তরদাতা মোটামুটি আশাবাদের কথা বলেছেন। খুবই আশাবাদী ২৭ দশমিক ৯১ শতাংশ উত্তরদাতা। আর পুরোপুরি আশাবাদী ১১ দশমিক ৯৩ শতাংশ উত্তরদাতা। ৬ শতাংশ উত্তরদাতা মোটেও আশাবাদী নন।

প্রথাগত রাজনৈতিক দলগুলোর চেয়ে তারুণ্যনির্ভর দলগুলোর মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসার বিষয়ে কি আপনি আশাবাদী, এমন প্রশ্নে ৪২ দশমিক ১৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা আশাবাদী। ৭ দশমিক ৫৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, খুবই আশাবাদী। অর্থাৎ প্রথাগত রাজনৈতিক দলগুলোর চেয়ে তারুণ্যনির্ভর দলগুলোর মাধ্যমে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসার বিষয়ে প্রায় অর্ধেক উত্তরদাতা আশাবাদী।

বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আপনার প্রত্যাশা কী? এই প্রশ্নে ৫৬ শতাংশ ৪ শতাংশ উত্তরদাতা বলেছেন, সংস্কারের মাধ্যমে এটি ধীরে ধীরে উন্নত হতে পারে। সংস্কার হোক বা না হোক, এটা একই রকম থাকবে বলে মনে করেন ১৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card