দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে-এটি অপপ্রচার: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে- দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ। কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কী কেউ বেহেশতে যেতে পারে? এটি সম্পূর্ণ অপপ্রচার। দেশের প্রখ্যাত আলেম সমাজ এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এমনকি মুহিব্বুল্লাহ বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।

সোমবার বিকালে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমান রক্ষার আহ্বান জানিয়ে ভোটারদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ইমান নষ্ট করতে পারি না। আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই—আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। অপপ্রচারের ফাঁদে পা দেবেন না।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ক্ষমতায় গেলে একগুচ্ছ প্রতিশ্রুতি আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মহাসচিব।

তিনি বলেন, ধর্মীয় খাতে অনুদান, ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন এবং মন্দিরের পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকের ব্যক্তিগত ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। নতুন কলকারখানা গড়ে তুলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

নিরাপত্তার নিশ্চয়তা নির্বাচনি প্রতিশ্রুতিতে ফখরুল আরও বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে মা-বোনদের এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া কৃষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ধানের শীষকে বিজয়ী করার শপথ নেন।

Share this news as a Photo Card