জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন, তাদের স্বপ্নের দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দায়িত্ব আজ আমাদের কাঁধে। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে নেমেছি।’
শুক্রবার (২৫ জুলাই) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। সভার আগে এনসিপি আয়োজিত একটি পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে মিলিত হয়।
নাহিদ ইসলাম বলেন, ‘ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদের সিলেটকে দেখতে হবে। যুগ যুগ ধরে এই সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আসছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতাসংগ্রাম এবং আমাদের জুলাই গণ-অভ্যুত্থানে সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে।’
তিনি বলেন, ‘এই বাংলাদেশের পূর্বাঞ্চলে সিলেট ছিল একটি কেন্দ্রভূমি। আমরা জানি, ১৯৪৭ সালে দেশ বিভাজনের সময় মওলানা ভাসানীর প্রচারণায় এই সিলেট পূর্ববঙ্গের সঙ্গে থাকার রায় দিয়েছিল। কিন্তু আমরা পূর্ণ সিলেট পাইনি। করিমগঞ্জকে টেকে নেওয়া হয়েছিল। আসামের সঙ্গে আমাদের সিলেটের বহু অংশকে জুড়ে দেওয়া হয়েছিল। এই পূর্ববঙ্গকে ঠকানো হচ্ছে সেই ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও। গ্যাস, বালু, পাথরসহ খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বারবার বঞ্চিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘প্রিয় সিলেটবাসী, আমরা আজ আপনাদের কাছে এসেছি। জুলাই গণ-অভ্যুত্থানে আপনারা যে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন; শাবিপ্রবির শিক্ষার্থী রুদ্র সেন, সাংবাদিক এ টি এম তুরাবসহ ১৭ জনের বেশি মানুষ শহীদ হয়েছেন এই সিলেট জেলায়। আমরা সেই শহীদদের উত্তরসূরি। আমরা সেসব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে আজকে এই সিলেটে এসেছি।’
তিনি জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। আমরা সেসব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।’
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ায়ারী বলেন, ‘এনসিপি বিএনপিবিরোধী বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয়। তবে বাংলাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট চলতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘সিলেটের চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। তাদের ঠিকমতো মজুরি দেওয়া হয় না। চা বাগানের লাভ শুধু মালিক নয়, শ্রমিকদের দেওয়ার ব্যবস্থা করবে এনসিপি।’
বক্তব্যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদের কবর রচনা করেই এনসিপি উঠে এসেছে। আমরা আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এসেছি। এনসিপি কোনো চাঁদাবাজ কিংবা টেন্ডারবাজ দলের নাম নয়। সংকট থেকে সমস্যা সমাধানের মধ্য দিয়েই এনসিপি উঠে এসেছে।’
সিলেটে এনসিপিকে শক্তিশালী করতে দলের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অর্পিতা আপা, এহতেশাম ভাই, জুনায়েদ ভাইয়ের নেতৃত্বে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন। আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, পরবর্তী বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।’

One Reply to “স্বপ্নের দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দায়িত্ব আজ আমাদের কাঁধে, নাহিদ”
Comments are closed.