জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আগামীকাল রবিবার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে।
নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এনসিপি।দলটির প্রত্যাশা, ‘ইতিহাসের এ সন্ধিক্ষণে’ সবার সঙ্গে দেখা হবে।
এর আগে গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।’
আগামীকাল রবিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে ইশতেহার ঘোষণার পাশাপাশি ‘জুলাই ঘোষণাপত্র ও সনদ’ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচিও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
দিনটিকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে কর্মসূচিতে অংশ নিতে ৬৪টি জেলা থেকে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে এনসিপি। এ লক্ষ্যে প্রতিটি জেলা ও উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চলের তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি সফল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

2 Replies to “বাংলাদেশের নতুন ‘ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে :এনসিপি”
Comments are closed.