গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে চাইছেন চিত্রনায়িকা মাহির ভাসুর কামরুল আহসান সরকার রাসেল।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের পক্ষে তার সঙ্গে এসে মনোনয়ন জমা দিয়েছেন মাহিয়া মাহি।
বুধবার (১২ এপ্রিল) বিকালে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কামরুল আহসানের ছোট ভাই ও চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।
এ বিষয়ে মাহিয়া মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্বামীর বড় ভাইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি।
আশা করি তিনি আওয়ামী লীগের পক্ষে সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পাবেন।’
মঙ্গলবার পর্যন্ত রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে।
পাঁচ সিটি করপোরেশনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন গাজীপুরে।
সেখানে এখন পর্যন্ত ১৭ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আর সবচেয়ে কম মনোনয়নপ্রত্যাশী রয়েছেন রাজশাহীতে, মাত্র তিনজন।
এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে চারজন, বরিশাল সিটিতে সাতজন এবং সিলেট সিটিতে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল, ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সদ্য মা হওয়া মাহি সম্প্রতি আলোচনায় আসেন পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে।
তার স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক উপ কমিটির সদস্য রকিবও একই মামলার আসামি।
আরও পড়ুন:
- আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন: র্যাব ডিজি
- অঞ্জনা চরিত্রটির বাস্তবে অস্তিত্ব নিয়ে যা বললেন গায়ক মনির
- বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়েছেন ইবির সেই ছাত্রলীগ নেত্রী
- তিন মাস বয়সী মেয়েকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
- সাবেক আইনজীবীর বিরুদ্ধে ট্রাম্পের ৫০ কোটি ডলারের মামলা
