যুগযুগ ধরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যুগযুগ ধরে বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অটুট থাকবে। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতিম দুই দেশ। বিজিবি-বিএসএফের আজকের এই যৌথ প্যারেড তারই একটি স্বাক্ষর রেখেছে। আমি মনে করি, বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমাদের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আশা করি সবাই একসঙ্গে চলব, একসঙ্গে উন্নয়নের গান গাইব।

বাংলাবান্ধা ইমিগ্রেশনে দীর্ঘদিন নতুন ভিসা দেওয়া বন্ধ থাকার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আসাদুজ্জামান খান বলেন, করোনার কারণে এই চেকপোস্ট দিয়ে ভিসা বন্ধ ছিল। তবে শিগগিরই আলোচনার মাধ্যমে আবারও যাতায়াত শুরু হবে।

এর আগে, বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধন করা হয়।

Share this news as a Photo Card