জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল দিবাগত রাত ১২টার দিকে টাঙ্গাইলের সান্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাতে নাহিদ ইসলাম দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন।
সোমবার (২৮ জুলাই) মাজার জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন মাওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানী।
জানা গেছে, গতকাল জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তারা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির আহ্বায়ক জানিয়েছেন।
গতকাল রাতে ভাসানীর কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মাওলানা ভাসানী ছিলেন কৃষক শ্রমিক মেহনতী মানুষের রাজনীতিবিদ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যিনি একই সঙ্গে ব্রিটিশ উপনিবেশের বিরুদ্ধে, পিন্ডির আধিপত্যের বিরুদ্ধে এবং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাওলানা ভাসানী ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের, বাংলাদেশের এই রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিকাশের অন্যতম স্থপতি। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে স্মরণ ও শ্রদ্ধা করছি। আমরা মাওলানা ভাসানীকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে দেখি।’
পরে ভাসানী দরবার হলে এনসিপির নেতারা কৃষকদের সঙ্গে কথা বলেন। এর আগে তাঁরা ভাসানীর কবরে পৌঁছালে দলের স্থানীয় নেতারা তাঁদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী প্রমুখ।
