স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে ওয়াশিংটনকে জানিয়েছে সৌদি আরব।
বুধবার এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।
সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয়, সৌদি আরব মার্কিন প্রশাসনকে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে যে, ১৯৬৭ সালে সীমান্তে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক হবে না।
বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলি ‘আগ্রাসন’ বন্ধ করতে হবে এবং অবরুদ্ধ এলাকা থেকে সব ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করতে হবে।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে আলোচনা ‘চলমান’ এবং ওয়াশিংটন ‘উভয় পক্ষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে যে তারা এই আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক’। এরপরই আজ সৌদি সরকারের পক্ষ থেকে এই বিবৃতি এল।
সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত হয়, তাহলে কি সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আগ্রহী হবে? জবাবে তিনি বলেন, ‘ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে সৌদি স্বীকৃতি সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গেই যুক্ত। গাজায় যখন গণহত্যা, ধ্বংসযজ্ঞ আর মৃত্যু চলছে, তখন এই মুহূর্তে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো অর্থ বা গ্রহণযোগ্যতা নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, এই সম্মেলনে যেভাবে একমত পোষণ করা হয়েছে, তা আগামী দিনগুলোতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একটি গতি তৈরি করবে। সেটিই হবে ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনার ভিত্তি।’
গাজায় চলমান পরিস্থিতি নিয়ে প্রিন্স ফয়সাল বলেন, ‘প্রথমে যুদ্ধ বন্ধ হতে হবে, মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে। এরপর আলোচনা হতে পারে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে। সেটি বাস্তবায়িত হলে, তখনই আমরা সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে কথা বলব।’
বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্য মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া ঘিরে সৌদি আরবের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। একই সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রিয়াদের কূটনৈতিক প্রতিবাদও স্পষ্টভাবে উঠে এসেছে।

One Reply to “ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়’, ওয়াশিংটনকে জানিয়েছে, সৌদি আরব”
Comments are closed.