চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন লখনৌর পেসার

লখনৌ সুপার জায়ান্টসের পেসার শিভাম মাভি ছিটকে গেছেন চলমান আইপিএল থেকে। বুধবার (৩ এপ্রিল) লখনৌ এক ভিডিও বার্তায় মাভি জানিয়েছেন, তিনি এই টুর্নামেন্ট মিস করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে লখনৌ। সেখানে মাভি নিজেই জানান, এবারের আইপিএল আর খেলা হচ্ছে না তার। তিনি বলেন, ‘আমি অনেক বেশি মিস করব। আমি চোট থেকে এখানে এসেছি, ভেবেছিলাম দলের জন্য ম্যাচ খেলব এবং ভালো করব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার সরে যেতে হবে, আমি চোটে ভুগছি।’

এ বছরের নিলামে মাভিকে ৬.৪ কোটি রুপিতে কিনেছে লখনৌ। গত আসরে এই পেসার গুজরাটের হয়ে খেলেছেন। তার আগে ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন ২৫ বছর বয়সী এই পেসার।

পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে লখনৌ। দলটি ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় পেয়েছে। ইনজুরির কারণে তিন ম্যাচের একটিতেও খেলতে পারেননি মাভি।

 

এনএএন টিভি