আইপিএলে গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বোলারদের কচুকাটা করেছিলেন অভিষেক শর্মা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মারকাটারি ব্যাটিংয়ের ধারা আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রেখেছেন এই এই তরুণ ওপেনার। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিস্ফোরক ব্যাটিংয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিষেক। সিরিজে একটি করে সেঞ্চুরি ও অর্ধশতক হাঁকিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিষেক শর্মা। মাত্র ৫৪ বলে ১৩ ছক্কা এবং ৭ চারে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই ইনিংসকে টি-টোয়েন্টি ইতিহাসেরই অন্যতম সেরা ইনিংস বলেও স্বীকৃতি দিচ্ছে তারা।
দারুণ ব্যাটিংয়ের পুরস্কার অভিষেক পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে। ইংল্যান্ড সিরিজ শুরুর আগে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯৯ নম্বরে ছিলেন অভিষেক। সিরিজে ২৭৯ রান করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই ২৪ বছর বয়সী। এক সিরিজেই তার র্যাঙ্কিং এগিয়েছে ৯৭ ধাপ!
ইংল্যান্ড সিরিজের প্রথম তিন ম্যাচে এক হাফ সেঞ্চুরিতে ১১৫ রান করে ৫৯ ধাপ এগিয়েছিলেন অভিষেক। সিরিজের চতুর্থ ম্যাচটি তিনি খেলতে নেমেছিলেন ৪০তম স্থানে থেকে । সিরিজের শেষ দুই ম্যাচে আরও ১৬৪ রান করে ৩৮ ধাপ এগিয়েছেন তিনি।
অভিষেকের ওপরে আছেন অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড। ৮৫৫ রেটিং পয়েন্তের মালিক হায়দরাবাদে অভিষেকের সতীর্থ হিসেবে খেলা হেড।
অভিষেকের উত্থানে এক ধাপ করে পিছিয়েছেন তিলক ভার্মা, ফিল সল্ট, সুর্যকুমার যাদব, জস বাটলার, বাবর আজম, পতুম নিশাঙ্কা এবং মোহাম্মদ রিজওয়ান।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। ৩০ নম্বরে আছেন তিনি। এরপরেই আছেন লিটন দাস। ৫০ নম্বরে আছেন তিনি। দুই ধাপ পিছিয়ে ৬০ নম্বরে নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ৩ ধাপ এগিয়েছেন স্টিভ স্মিথ। পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি। এক ধাপ এগিয়ে ছয়ে লঙ্কান তারকা কামিন্দু মেন্ডিস। একই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো উসমান খাজা এগিয়েছেন ৬ ধাপ। ১১ নম্বরে উঠে এসেছেন এই ওপেনার। তবে ২ ধাপ করে পিছিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন এবং দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা।
অবনতি হয়েছে বাংলাদেশের ব্যাটারদের। ১ ধাপ করে পিছিয়েছেন মুশফিকুর রহিম (৩২) এবং লিটন দাস (৩৬)। জাকির হাসান পিছিয়েছেন ২ ধাপ। আছেন ৯৯ নম্বরে। ১ ধাপ এগিয়ে সাদমান উঠেছেন ৭৪ নম্বরে।
টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন জাসপ্রীত বুমরাহ। কিন্তু ১ ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন প্যাট কামিন্স। ১ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন কাগিসো রাবাদা। ২ ধাপ এগিয়ে নাথান লায়ন ছয়ে উঠেছেন। ১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন তাইজুল ইসলামও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে পড়া সাকিব আল হাসানও ১ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন। এক ধাপ করে পিছিয়েছেন শরিফুল ইসলাম (৬৭) এবং নাহিদ রানা (৭২)।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ে আছেন রশিদ খান এবং কুলদীপ যাদব। ৪ ধাপ এগিয়ে তিনে উঠেছে মাহেশ থিকসানা। এক ধাপ করে পিছিয়েছেন শাহিন আফ্রিদি, কেশব মহারাজ, বের্নাল্ড শ্যুলজ এবং জসপ্রীত বুমরাহ।
এদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেন। ৭০৭ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন এই ক্যারিবিয়ান। দুইয়ে নেমে গেছেন আদিল রশিদ। দারুণ ফর্মে থাকা বরুণ চক্রবর্তী ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন। ৭০৫ র্যাঙ্কিং পয়েন্ট নিয়ে আদিল রশিদের সঙ্গে যৌথভাবে দুইয়ে উঠেছেন তিনি। ৪ ধাপ এগিয়ে ছয়ে উঠেছেন রবি বিষ্ণয়ী।
এদিকে এক ধাপ করে নেমে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাডাম জাম্পা।
এক ধাপ এগিয়েছেন শেখ মেহেদী। অক্ষর প্যাটেলের সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে উঠেছেন তিনি। ১৫ নম্বরে আছেন তাসকিন আহমেদ। দুই ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন তানজিম হাসান সাকিব।
