নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে, মিরপুরে শুরু হয়েছে মেয়েদের ২ দিনের আনুষ্ঠানিক প্রস্তুতি ক্যাম্প। ফ্লাডলাইটের আলোতে প্রথম দিনের অনুশীলন সেড়েছে টাইগ্রেসরা। সংযুক্ত আবর আমিরাতের সঙ্গে বর্তমানে দেশের আবহাওয়ার অনেকটা মিল থাকায়, বাংলাদেশ সুবিধা পাবে বলে মনে করছেন নাহিদা আক্তার। এবারের বিশ্বকাপে সমর্থকদের ভিন্ন কিছু উপহার দিতে চান টাইগ্রেস সহ অধিনায়ক।
স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে ৩ অক্টোবর পর্দা উঠছে এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপের। আয়োজক বাংলাদেশ হলেও রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নিরাপত্তাজনিত ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ ডিপার্টমেন্টই নিজেদের ঝালিয়ে নিয়েছে টাইগ্রেসরা। নারী দলে বড় দুশ্চিন্তার কারণ ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব। তাই ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন কোচিং স্টাফরা। বিশ্বকাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজ নেহার। নেটে বড় বড় শটের ঝড় তোলেন মুর্শিদা খাতুন- দিলারা আক্তাররা।
ব্যাটারদের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করেছেন মারুফা-জাহানারা। আলাদা নজর ছিলো ফিল্ডিংয়েও।
বাংলাদেশ থেকে আসর চলে যাওয়ায় হোম কন্ডিশনের সুবিধা পাবে না বাংলাদেশ। তবে দেশের বর্তমান আবহাওয়ার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কিছুটা মিল থাকায় সুবিধা পাবে বাংলাদেশ; দাবী টাইগ্রেস সহ অধিনায়ক নাহিদা আক্তারের, ‘আমাদের আশা ছিল ঘরের মাঠে বিশ্বকাপ হবে, এটা আমাদের চাওয়া ছিল। সবাই চায়, আপনারাও চান। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, চলে গেছে। এর আগে আমরা আবুধাবিতে ম্যাচ খেলেছি, জানা মতে, ওইখানকার উইকেট আমাদের মতোই হয়। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কোন কোন জায়গায় আমাদের উন্নতি করতে হবে তা নিয়ে আমরা কাজ করছি। আমাদের দুইটা ফ্লাড লাইটের নিচে অনুশীলন হয়েছে, চেষ্টা করব সেটা কাজে লাগানোর।’
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ‘এ’ দলের হয়ে খেলেছেন জাতীয় দলের বেশ কয়েক জন ক্রিকেটার। প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস নাহিদা আক্তারের, ‘এশিয়া কাপের পর শ্রীলঙ্কায় আমাদের যে সিরিজটা হলো, সেটা বিশ্বকাপে আমাদের খুব কাজে লাগবে। পাঁচটা ম্যাচ খেলতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ব্যাটাররা ভালো শেপে আছে, বোলাররাও ভালো শেপে আছে। আশা করছি, আমরা যেন মেইন ম্যাচে কাজে লাগাতে পারি।’
তিনি যোগ করেন, ‘অবশ্যই আমরা চেষ্টা করব, ম্যাচ জেতার জন্য। জেতার জন্যই যাব। এটাই আমাদের ফোকাস।’
সোমবারের অনুশীলন দিয়েই শেষ হয়েছে নিগার সুলতানাদের প্রস্তুতি ক্যাম্প। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়বে নারী ক্রিকেটাররা।
