অবসরের পথে মেসি? নিজেই দিলেন বড় বার্তা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের পথে আছেন বলে এবার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, আগামী সপ্তাহে বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই ম্যাচ হতে পারে তার দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ।

৩৮ বছরে আটবারের ব্যালন ডি’অর লাভ করেছেন লিওনেল মেসি। বুধবার রাতে ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটা বিশেষ একটি ম্যাচ। এটা বাছাইপর্বের শেষ ম্যাচ, তাই আমার পরিবার—আমার স্ত্রী, সন্তানরা, বাবা-মা, ভাই-বোন—সবাই থাকবে আমার সঙ্গে। ভেনেজুয়েলার পর আরও কোনো প্রীতি ম্যাচ বা খেলা হবে কিনা জানি না, তবে আমরা এই ম্যাচটা বিশেষভাবেই উপভোগ করবো। এরপর কী হবে, তা আমি জানি না।’

আর্জেন্টিনা ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে এবং দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলেও শীর্ষে রয়েছে। ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচেও মাঠে নামার কথা রয়েছে মেসির। তবে ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষেই সবচেয়ে বেশি আবেগের মাত্রা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগেও মেসি ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হতে পারে তার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০৩০ সালের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে ২০২৭ সালে, তখন তার বয়স হবে ৪০।

দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলও বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক বার্তায় মেসির এই মুহূর্তকে স্মরণীয় করে তোলে। আর্জেন্টিনার জার্সিতে মেসির একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘শেষ নাচ আসছে।’

২০২২ সালের ডিসেম্বরে কাতারে আর্জেন্টিনাকে তাদের তৃতীয় বিশ্বকাপ এনে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের স্থান অমর করে তুলেছেন মেসি। তিনি দেশের সর্বোচ্চ গোলদাতা এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেক করেছিলেন তিনি।

এই সম্ভাব্য বিদায়কে ঘিরে টিকিটের চাহিদা বেড়ে গেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই সুযোগে টিকিটের দাম ১০০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত নির্ধারণ করেছে। অনেকেই ধারণা করছেন, এটি মেসির দেশের মাটিতে শেষ ম্যাচ হতে পারে—এমন অনুভব থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।

যদিও মেসি আনুষ্ঠানিকভাবে এখনো অবসরের ঘোষণা দেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে—একটি যুগের অবসান আর খুব বেশি দূরে নয়। ৪ সেপ্টেম্বরের ম্যাচটি তাই শুধু আরেকটি বাছাইপর্বের ম্যাচ নয়, বরং দেশের মাটিতে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকাকে শেষবারের মতো সম্মান জানানোর এক বিশেষ মুহূর্ত হয়ে উঠতে পারে।

এনএএন টিভি