ওয়াসিম আকরামের চোখে সেরা পাঁচ ক্রিকেটার

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তার খেলাধুলার সময়কালের শীর্ষ পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস।

ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার মাইকেল ভন, স্যার আলিস্টার কুক, ডেভিড লয়েড এবং ফিল টাফনেলের সঙ্গে ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে অংশ নিয়ে আকরাম তার ১৭ বছরের উজ্জ্বল ক্যারিয়ারের কিছু মুহূর্ত স্মরণ করেন।

শীর্ষ ব্যাটসম্যানের প্রশ্নে ৫৯ বছর বয়সী আকরাম বলেন, ‘মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞেস করে আমি যাদের বিপক্ষে বোলিং করেছি তাদের মধ্যে সেরা ব্যাটসম্যান কে? আমি বলি, অবশ্যই স্যার ভিভিয়ান রিচার্ডস।

এটা শুধু তার ব্যাটিং নয়, তার পুরো ব্যক্তিত্বই ছিল অসাধারণ।’
তিনি আরো জানান, তার সময়কালে তিনি অ্যালান বোর্ডার, গ্রাহাম গুচ, টেন্ডুলকার ও ব্রায়ান লারার মতো বহু মহান ক্রিকেটারের সঙ্গে খেলেছেন। কিন্ত রিচার্ডস ছিলেন এমন এক চরিত্র যাকে সবাই পছন্দ করতেন। যদিও তিনি ছিলেন ১৯৮৭-৮৮ সালের দিকে আকরামের ক্যারিয়ারের শুরুর সময়ে।

নিজের খেলার সময়ের সেরা পাঁচ প্রতিপক্ষ ক্রিকেটারের তালিকাও দিয়েছেন বাঁহাতি এই পেসার। তিনি বলেন, “আমার কাছে সবসময় সবার ওপরে থাকবেন ইমরান খান। পাকিস্তানের জন্য যা কিছু করেছেন, তা অতুলনীয়। এরপর ভিভ রিচার্ডস, মার্টিন ক্রো, ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার।” আকরাম বলেন, ওয়ানডে ম্যাচে যাদের বিরুদ্ধে কঠিন সময় কেটেছে, তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। তিনি বলেন, “আমি খুব বেশি ম্যাচ খেলিনি রিকি পন্টিংয়ের বিপক্ষে, কিন্তু গিলক্রিস্ট ওয়ানডেতে আমাকে অনেক ভুগিয়েছে।”

এছাড়া ক্রিকেট খেলার জন্য সবচেয়ে প্রিয় দেশ কোনটি, এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, “একটা দেশ বেছে নেওয়া কঠিন। ইংল্যান্ডকে ভালোবাসি তাদের ঐতিহ্য, দারুণ সুযোগ-সুবিধা, ক্রিকেট জ্ঞান ও ভ্রমণের সুবিধার জন্য। তবে অস্ট্রেলিয়ার কথাও আলাদা করে বলতে হয়।” স্মৃতির পাতা উল্টে আকরাম বলেন, “১৯৮৯ সালে ল্যাঙ্কাশায়ারে খেলার পর প্রথমবার অস্ট্রেলিয়া সফরে যাই। ইমরান খান বলেছিলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে যদি পারফর্ম করো, সবাই তোমাকে চিনবে।’ আর ঠিক সেটাই হয়েছিল।”

এনএএন টিভি