আইসিসি র্যাঙ্কিংয়ে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও দশ নম্বরে নেমে গেল তারা। র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে বাংলাদেশকে টপকে ৯ নম্বরে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। মে মাসে প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দশ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। ২০০৬ সালের পর সেবারই প্রথম এত নিচে নামে তারা। গত মাসে শ্রীলঙ্কা সফরে একটি ওয়ানডে জেতায় এক ধাপ উন্নতি হয় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের। কিন্তু বেশি দিন সেটি ধরে রাখা গেল না। আইসিসি র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদ অনুযায়ী ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে বাংলাদেশ। এক পয়েন্ট বেশি নিয়ে তাদের ঠিক ওপরে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের উন্নতির দিনে এক ধাপ পিছিয়ে এখন ৫ নম্বরে পাকিস্তান। আর তাদের জায়গা নিয়েছে শ্রীলঙ্কা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের দুটি দল নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ত্রিনিদাদে মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে লড়বে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি র্যাঙ্কিং প্রেডিক্টরের হিসেব অনুযায়ী, ওই ম্যাচ জিতলে ৪ নম্বর জায়গা ফিরে পাওয়ার সম্ভাবনা জাগাবে পাকিস্তান। তবে হারলেও কোনো ক্ষতি হবে না ওয়েস্ট ইন্ডিজের। ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই থাকবে তারা। আর জিতে গেলে ৮০ রেটিং নিয়ে বাংলাদেশের চেয়ে আরেকটু দূরে চলে যাবে তারা।উল্লেখ্য, আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আগে থেকেই দশ নম্বরে ছিল বাংলাদেশ। টেস্টে তাদের অবস্থান নবম।
