এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব

এবার সাকিব আল হাসান নাম লেখালেন যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে। এই টুর্নামেন্টের দল আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন সাকিব। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাকিবের খেলা নিশ্চিত করেছে দলটি।

ফেসবুকে আটলান্টা ফায়ারের পোস্টে লেখা হয়েছে, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন। ব্যাটে–বলে একজন গেম–চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যোগ হবে। আটলান্টায় তাঁর জাদু দেখতে তৈরি থাকুন।’

আটলান্টা ফায়ার্স নামের বাংলাদেশি মালিকানাধীন দলটি সাকিবকে দলে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি ওয়াইল্ড কার্ডের সুবিধায় বিদেশি কোটায় খেলবেন।

এর আগে এই একই কোটায় বাংলাদেশের আরেক ক্রিকেটার নাসির হোসেনও খেলেছেন।

বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি এখনো মার্কিন নাগরিকত্ব নেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার পর অবসর সময়ে এবার মাইনর লিগের মঞ্চে খেলবেন তিনি।

 

এনএএন টিভি