যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়’,সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে।

যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরণের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয় বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র এ নেতা।

শনিবার (১৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি

বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া দিকনির্দেশনা দিচ্ছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আলাপ-আলোচনার মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে বিএনপি। গণতন্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হলে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় ঐক্যে পরিণত করতে হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য সংকল্পবদ্ধ। যারা এর বিপক্ষে বক্তব্য দেবে, কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের যাত্রাপথকে কণ্টাকাকীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। তাঁদের প্রত্যাশা, বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যেকোনো বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ।

রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো নির্বাচন বিষয়েও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে, একই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য। আমরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারি, সেইভাবে ঐক্যবদ্ধ থাকি। আলাপ-আলোচনা করি ও গণতান্ত্রিক উত্তরণকে সহজ করি।’

যে দেশে একজন খালেদা জিয়া আছেন, সেই দেশ কখনো পথ হারাবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি দুই শিশুসন্তানকে নিয়ে বন্দিত্ব বরণ করেছেন। জিয়াউর রহমানের শাহাদাতবরণের পর স্বৈরাচারী সামরিক সরকারের সময়ে দীর্ঘ ৯ বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত হয়েছেন। স্বৈরাচারকে হটিয়েছেন, দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ করেছেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। জনতার দাবির পরিপ্রেক্ষিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে প্রবর্তন করেছেন। এভাবে তিনি জীবনের চড়াই-উতরাই পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও দেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে বেঁচে আছেন।’

 

এনএএন টিভি