চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনে হামের টিকা দেওয়া হচ্ছে। তবে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছেই।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ১২৫ জন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের পরিস্থিতি কোনোভাবেই উত্তরণ হয়নি। জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২২ এপ্রিল) একদিনেই ৩৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল পর্যন্ত নতুন করে আরও ২৩ জন ভর্তি হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ৯০৯ জন হাম আক্রান্ত রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিনিয়ত নতুন রোগী আসায় পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। চাপ সামলাতে দুটি আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে, যা শুধুমাত্র হাম আক্রান্ত রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে।
অপরদিকে, পাবনা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন রোগী ভর্তি হয়েছেন, যেখানে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬২ জন। এছাড়া বরিশাল, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও হামের উপসর্গ নিয়ে রোগীর চাপ বাড়ছে বলে জানা যায়।
বর্তমানে শুধু শিশু নয়, প্রাপ্তবয়স্করাও হামে আক্রান্ত হচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হামের জন্য প্রস্তুত বিশেষ ওয়ার্ডগুলোতেও এখন ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।একই সঙ্গে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়ায় স্বাস্থ্য ঝুঁকি আরও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
