চট্টগ্রামে মাটি চাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ লাইন খননের সময় দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাকিব ও তুষার।

ফায়ার সার্ভিস জানায়, চীনা হাইড্রো কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান আগ্রাবাদ এক্সেস রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় ওয়াসার স্যুয়ারেজ পাইপলাইন স্থাপনের কাজ করছিল। গত রাতে খননকাজ চলাকালে হঠাৎ করে একটি গর্ত ধসে পড়ে, এতে সেখানে কাজ করা চার শ্রমিক মাটিচাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় শ্রমিকদের উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, চিকিৎসা পেতে দেরি হওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায় এবং এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে আটক করে।